
আজ বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়ের ১০৪তম জন্মদিন
ফাহিম শাহরিয়ার রুমি: স্টাফ রিপোর্টার। আজ ২ মে। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায় এর ১০৪তম জন্মদিন। ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তিনি।

তিনি ছিলেন বহুমুখী প্রতিভাবান। একাধারে লেখক, চিত্রনাট্যকার, চলচিত্র নির্মাতা, প্রযোজক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও চিত্রশিল্পী। ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।

আমাদের জন্য রেখে গেছেন অমূল্য সব সৃষ্টিকর্ম। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘নায়ক’ ‘আগন্তুক’, ‘দেবী’, ‘চারুলতা’ ‘পরশ পাথর’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ এর মতো চলচ্চিত্র সারা পৃথিবীর সম্পদ। ফেলুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু অথবা তারিনীখুড়োর মতো চরিত্র বাংলা সাহিত্যের অবিস্মরণীয় সৃষ্টি।

তিনি মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। কালজয়ী কাজ করার সুবাদে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার। যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন, ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সুকুমার রায়ের পুত্র ও উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর নাতি। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দ্বীপ রায় তাঁর পুত্র। ১৯৯২ সালের ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আজ তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রইল।
