
ঝিকরগাছায় আশ্রয়ন প্রকল্পের ১৪০টি পরিবারের মাঝে ইউএনও’র ত্রান বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ১৪০টি পানিবন্দী পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের ১নং কোলনীতে ৫১টি, ২নং কোলনীতে ২৮টি, ৩নং কোলনীতে ৩২টি ও ৪নং কোলনীতে ১২ পরিবারের মাঝে এবং শিমুলিয়া ইউনিয়নের খাসখালী কোলনীতে ৩টি ও শিমুলিয়া কোলনীতে ১৪টি জলাবদ্ধাসহ দুঃস্থ অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চলতি বছরের অতিবৃষ্টিতে বেশ কিছুদিন ধরে পরিবারগুলো মানবতার জীবন-যাপন করে আসছিল। তাদের দুঃখ দূর্দশার খবর পেয়ে সোমবার রাতে ও মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের নেতৃত্বে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পরিবার প্রতি ১০কেজি চাল, এক কেজি মশুর ডাল, আয়োডিনযুক্ত লবন এক কেজি, চিনি এক কেজি, সয়াবিন তেল এক লিটার, মরিচ, হলুদ ও ধনিয়াগুড়া এক প্যাকেট করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী পেয়ে সেখানে বসবাস করা নারী-পুরুষ সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহম্মেদ, নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান, পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মেজবাহ উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, বিষয়টি জানতে পেরে আশ্রয়ন প্রকল্পের সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে আশ্রয়ন প্রকল্পের ভিতরের রাস্তাসহ সার্বিক উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।