
ঝিকরগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সাম্য প্রতিষ্ঠার দাবিতে যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই )সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে মানববন্ধনের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
ঝিকরগাছাউপজেলার ২৪টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি উপজেলা মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বিস্তৃত হয়। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, সেখানে একই শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করা একটি অযৌক্তিক বৈষম্য। এই বৈষম্য শুধু শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত করছে না, বরং দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার সাম্য ও ন্যায়বিচারকেও প্রশ্নের মুখে ফেলছে।”
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাগরণী আওয়ার স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, সহ-সভাপতি ও নতুনকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আর.এম. রিসালহ মডেল স্কুলের প্রধান শিক্ষক এস.এম. মশকুর আলম এবং সাধারণ সম্পাদক মাসুমা মিম।
বক্তারা আরও বলেন, শিশুদের মৌলিক অধিকার হচ্ছে সমান সুযোগে শিক্ষা লাভ করা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করা হলে তারা ভবিষ্যৎেও বৈষম্যের শিকার হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
