
ফাহিম শাহরিয়ার রুমি, স্টাফ রিপোর্টার- আজ ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় সুরকার সলিল চৌধুরীর ৯৯তম জন্মদিন। তিনি ১৯২৫ সালের ১৯ নভেম্বর বৃটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক ও গল্পকার ছিলেন। তিনি বাংলা, হিন্দি, মালায়লাম, মারাঠি, তামিল, তেলেগু, কান্নাডা, গুজরাটি, উড়িয়া ও অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। তাঁর মধ্যে ৪১টি বাংলা, ৭৫টি হিন্দি ও ২৬টি মালায়লাম ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। তিনি ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত "পরিবর্তন" ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। ১৯৫৩ সালে প্রখ্যাত চিত্র পরিচালক বিমল রায় এর হিন্দি "দু বিঘা জমিন" ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। তাঁর কথা ও সুরে উপমহাদেশের অনেক জনপ্রিয় ও বিখ্যাত কণ্ঠশিল্পী গান গেয়েছেন। তাঁদের মধ্যে হেমন্ত কুমার মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সবিতা চৌধুরী, অন্তরা চৌধুরী, উৎপলা সেন, দ্বিজেন মুখোপাধ্যায়, সাগর সেন, ধনঞ্জয় ভট্টাচার্য, মাধুরী চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকার, মান্না দে, মুকেশ, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আধুনিক বাংলা গানের সুর স্রষ্টা ও গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর সঙ্গীত প্রতিভা মূলত ভারতীয় শিল্পেই ব্যাপকভাবে স্বীকৃত। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ ইত্যাদি বাজাতে জানতেন। তিনি অসংখ্য গানের সুরকার ছিলেন। তাঁর সুরারোপিত জনপ্রিয় গানের মধ্যে "আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা", " আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা", "এই জীবন এমনি করে আর তো সয় না, যাই হারিয়ে মিলেমিশে এবার", " ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে দূর দূর দিগন্তে পড়ে তাঁর ছায়া রে", "কিছু কথা আছে শোনো গো প্রাণ দিয়ে প্রাণে, প্রাণে নয় গানে সজনী গো", " মন ময়ূরী ছড়াল পেখম তাঁরই সোনালী আকাশে রঙে রঙে ভরা এমন দিনটি যদি থাকিতে তুমি মোর পাশে" প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.