ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা, অশালীন বক্তব্য ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভেড়ামারা বাসস্ট্যান্ডে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর দৃঢ় কণ্ঠে বলেন, “আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি-ধমকি কিংবা অশালীন ভাষায় আমাকে দমিয়ে রাখা যাবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো খড়কুটো নয়, যে সামান্য ঝড়েই ভেসে যাবে। এ সংগঠন আদর্শ, নীতি ও জনগণের শক্তির ওপর প্রতিষ্ঠিত। যারা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এখন থেকে কঠোর ও আইনসম্মতভাবে মোকাবিলা করা হবে।
ভেড়ামারায় প্রবেশ করতে দেওয়া হবে না—এমন হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি ভেড়ামারায় এসেছি, আবারও আসব। কোনো সন্ত্রাসী, কোনো হুমকি কিংবা কোনো অপশক্তি আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ।”
নিজেকে জনগণের প্রতিনিধি উল্লেখ করে এমপি আব্দুল গফুর বলেন, “আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এমপি নই, আমি জনগণের এমপি। জনগণের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় আমি আপসহীন। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কিংবা কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করে আমাকে থামানো যাবে না।”
তিনি আরও বলেন, জনগণের শক্তির সামনে সন্ত্রাস ও অপশক্তির দম্ভ বেশিদিন টিকে থাকতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।
প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্যের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তাঁর অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.