
মাষকলাই উৎপাদন বাড়াতে ঝিকরগাছায় কৃষি প্রণোদনা বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আবু তালহা এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এই প্রণোদনার মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা মাষকলাই চাষে আরও উৎসাহিত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার নাভারণ ইউনিয়নের আমিনিয়া গ্রামে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রোপা আমন ও কৃষক সেবা কেন্দ্রে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন অতিথিবৃন্দ। এছাড়া বিকালে শিমুলিয়া মাদ্রাসা মাঠে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্রানেজমেন্ট (ডিএই পার্ট) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বাস্তবায়িত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।