
ঝিকরগাছা কামিল মাদ্রাসায় গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সহিত গভার্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় অত্র মাদ্রাসার আয়োজনে এবং গভর্নিং বডির সদস্য সচিব অধ্যক্ষ মুহিব্বুল্লাহ’র সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)খান মাসুম বিল্লাহ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন মানুষ গড়ার কারিগর হিসাবে প্রত্যেকে এক একজন দায়িত্বশীল। এ ব্যাপারে প্রত্যেকের জবাবদিহিতা থাকা উচিত। দায়িত্বে অবহেলাও একপ্রকার দুর্নীতি। পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রকৃত জ্ঞান নির্ভর নৈতিক শিক্ষা দান করতে হবে। মানসম্মত লেখাপড়া, প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়নে শিক্ষকদের একযোগে কাজ করার বিকল্প নেই।
সহকারী শিক্ষক মাস্টার আশরাফুজ্জামান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার, গভর্ণিং বডির সহ-সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান সহ গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।