
আতাউর রহমান জসি ঝিকরগাছা ( যশোর) থেকে: যশোরের ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ সেপ্টেম্বর )সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম , ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইদ্রিস আলী।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার শাহানা আক্তার, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, কামরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।