ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে যশোরের ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টা ৩০মিনিটে বিক্ষোভ মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু করে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল হোসেন। তিনি বলেন- “যারা চার কোটি ছাত্র-জনতার অধিকার বানচাল করতে চায়, তারা বাকি ষোল কোটি মানুষের অধিকার কীভাবে রক্ষা করবে তা আমরা বুঝে গেছি।
যারা শাকসু নির্বাচন বানচাল করতে নির্বাচন কমিশনে যেতে পারে, তারা কখনোই ছাত্রদের পক্ষে কাজ করে না।” তিনি আরও বলেন, “ছাত্র-জনতা জানে কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান শাকসুসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।” সমাবেশটি পরিচালনা করেন ঝিকরগাছা আদর্শ শাখা ছাত্রশিবিরের সভাপতি ঈসা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শহর অফিস সম্পাদক তৌহিদ হাসান, ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবিদুর রহমান, যশোর জেলা পশ্চিম দাওয়াহ শাখা সম্পাদক তরিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীর দরগাহ মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি কায়েস মাহমুদ, দাওয়াহ সেক্রেটারি মাজহারুল ইসলাম, রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, ঝিকরগাছা দক্ষিণ শাখার সভাপতি আবু জাফর, ঝিকরগাছা পশ্চিম শাখার সভাপতি হাসিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আশা ছাত্রশিবিরের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।