
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চার পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।