
ঝিকরগাছা (যশোর ) প্রতিনিধি।যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা সরকারি বহুমুখি (এম.এল.) মডেল হাই স্কুলের জানালার গ্রিল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। । এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিতঅভিযোগে জানা গেছে , মঙ্গলবার (২৭মে) গভীর রাতে অজ্ঞাত নামের কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানের পিছনের দিকে ৪টি রুমের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫টি আলমারি, ২টি ফাইল কেভিনেট, ৪টি টেবিলের ড্রয়ার ভেঙ্গে অফিসিয়াল গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে। অফিসে তার ব্যবহৃত আলমারি থেকে নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও রুমের গ্রিল সহ ৫টি আলমারি, ২টি ফাইল কেভিনেট, ৪টি টেবিলের ড্রয়ার ভেঙ্গে ফেলার কারণে ২৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, প্রতিদিনের মতো আমরা সোমবার ক্লাস শেষে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকালে স্কুলে এসে দেখতে পাই অফিস রুমের মধ্যে কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে এবং আমার ব্যবহৃত আলমারির তালা ভেঙ্গে অফিসের নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এরপর বিষয়টা বুঝে উঠার আগে জানালার দিকে তাকিয়ে দেখি অজ্ঞাত নামের কে বা কারা জানালার গ্রিল ভেঙ্গে এই সব অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। পরবর্তীতে দেখা যাই আমার সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী ও কোমনরুমেও জানালার গ্রিল ভেঙ্গে এই সব অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। এ ঘটনার বিষয়ে স্কুলের সিসি টিভি ফুটেজে দেখা যায় রাত ১টা ১০মিনিটের পর একজন লোক মুখে কাপড় পেঁচিয়ে জানালা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে একটা কাপড় দিয়ে ক্যামেরা বন্ধের চেষ্টা করছে।
থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল নাম্বারের যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, ঘটনাটি শুনে আমি স্কুল পরিদর্শনে গিয়ে ছিলাম। বিষয়টি নিয়ে নাইটগার্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।