
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে ডিজেল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও ঝিকরগাছা নির্বাহী অফিসার সাফফাত আরা সাইদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। (১৪ এপ্রিল) রাত আটটায় ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে গোপন সূত্রে সংবাদ পেয়ে আব্দুল জব্বারের দোকানে অভিযান পরিচালনা করে ৪ ব্যারেল (প্রতিটি ২০০ লিটার) ডিজেল সর্বমোট ৪০ লিটার মজুদ পাওয়া যায়।
অভিযুক্ত ব্যক্তি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে উক্ত তেল সংগ্রহ করেছে বলে জানান। অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় প্রদান করা হয়। এবং পেট্রোল পাম্পের মাধ্যমে উক্ত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।