
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য ও গ্রাম পুলিশের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ঝিকরগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু নিলয় ফাউন্ডেশন আয়োজিত এবং MISEREOR-Germany-এর অর্থায়নে পরিচালিত “পারিবারিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (RSDVR)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মোয়াজ্জেম হোসেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।