
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনই কৃষি বিভাগের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, বর্তমানে প্রতি বছর ২৬ থেকে ২৭ লাখ শিক্ষার্থী লেখাপড়া শেষ করে বের হলেও, সরকারি, বেসরকারি ও এনজিও মিলিয়ে মাত্র ৪ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করা সম্ভব হয়। তাই তরুণদের উদ্যোক্তা হতে হবে। যারা উদ্যোক্তা হতে চাইবেন, তাদের সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের মহিনীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দীপঙ্কর কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সমরেন বিশ্বাস ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ। এসময় বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আবুল হাসান, কৃষিবিদ মোঃ রুহুল আমিন, কৃষি বিপনন কর্মকর্তা শিশির কুমার শাহ্, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রকৌশলী জালাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কৃষক মাশরুম চাষি শারমিন বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সামাদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান এবং গীতাপাঠ করেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সমরেন বিশ্বাস।