
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তোজা এলাহি টিপু নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ‘ভালো মানুষ’ হতে হবে।
দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি আওয়ামী শাসনামলের সার্বিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিসহ দুর্নীতির পাশাপাশি ঢালাও জিপিএ-৫,শতভাগ পাসের সার্টিফিকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রকৃতপক্ষে মেধাবৃত্তিক নৈতিক শিক্ষার কোন মানদণ্ডর প্রতিফলন ও মেধার বিকাশ ঘটেনি।
বিদ্যালয়ের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে বিদ্যালয় এর পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখলে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন উপজেলা বিএনপির এই প্রবীর নেতা।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে (১৫অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো: জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি ও গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ কে এম শামসুজ্জামান খান সোহেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যে ও সিনিয়র সহকারী শিক্ষক মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মাজিদ,মো:মমিনুর রহমান,আইয়ুব হোসেন পন্ডিত,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন,অভিভাবক সদস্য মো: গোলাম রেজা, শিক্ষক প্রতিনিধি মো: রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।