
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের ৪২নং দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হাওয়ায় নতুন ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৩১মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাভারন ইউপি’র সাবেক সদস্য আমির হোসেন, আমিনুর রহমান ও প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। জানাগেছে, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে মাত্র চারটি শ্রেণি কক্ষ। ‘৯৫সালে বিদ্যালয়টি কোনোমতে পূর্ণসংস্কার করা হয়। ২০২৩ সালে বিদ্যালয়টি এ গ্রেডে উন্নীত হয়। এরপর অবকাঠামোগত আর কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধান শিক্ষকসহ অনুমোদিত ৫জন শিক্ষকের অফিস কক্ষ বলতে বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সিড়ির ঘরের অতি সংকীর্ণ একটি রুম! শৌচাগার বা ওয়াশরুমের অবস্থা শোচনীয়। প্রতিটি রুমের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।

দেয়াল ও পুরাতন গ্রেড বিমে ফাটল ধরেছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৭৬জন শিশু শিক্ষার্থী রয়েছে। এর আগে ছিল ২৮০ জন। বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে বলে দাবি করেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়টি সংস্কার ও নতুন ভবনের দাবি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার লিখিত আবেদন করেছেন বলেও জানান তিনি। বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবক মহল। তারা অবিলম্বে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন বলেন, লিখিত আবেদন পেয়েছি। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওয়ালীয়ার রহমান ও উপজেলা প্রকৌশলী মো: সায়ফুল ইসলাম মোল্লাসহ বিদ্যালয়টি পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তবে আমরা এই মুহূর্তে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে পারছি না। শিশুদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে কার্যকর সংস্কার ও নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দ পেতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।