
কুড়িগ্রাম প্রতিনিধি: নর্থ কালচারাল কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত মাসিক আলোকচিত্র প্রতিযোগিতা—জুলাই ২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় সেরা তিনজন হলেন মোঃ নাঈম ইসলাম, শ্রী রাজ সাহা ও মোছাঃ নাসিমা জাহান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করায় সম্মানিত এমপি মহোদয়ের প্রতি নর্থ কালচারাল কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
এ সময় প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল আলোকচিত্রীকেও অভিনন্দন জানায় আয়োজক সংগঠনটি। প্রতিযোগীদের সৃজনশীলতা, নান্দনিক দৃষ্টিভঙ্গি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়েছে বলে জানান আয়োজকরা।
নর্থ কালচারাল কমিউনিটি মনে করে, তরুণদের সৃজনশীলতা, শিল্পবোধ ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে আলোকচিত্রসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
আয়োজকরা জানান, ইনশাআল্লাহ খুব শিগগিরই পরবর্তী আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন ও বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। পরবর্তী আয়োজনেও আলোকচিত্রী ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছে নর্থ কালচারাল কমিউনিটি।
লতিফুর রহমান
সংগঠক
নর্থ কালচারাল কমিউনিটি