
মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং সার্বিক স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জানতে চান, রোগীরা সময়মতো চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না এবং হাসপাতালে সেবাদানে কোনো ধরনের সমস্যা বা ভোগান্তি রয়েছে কিনা। তিনি রোগীদের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা একজন জনপ্রতিনিধির এমন সরেজমিন পরিদর্শন ও খোঁজখবর নেওয়াকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।