
মোঃ আপেল মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। সোমবার দুপুরে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে এ বইমেলার উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বই সংগ্রহ করেন।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক, জাতীয় ফুটবলার জালাল হোসেন লাইজু প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা আশা করছেন, বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে।