
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী রকি হোসেন একটি বিদেশি পিস্তল, ককটেল ও রামদা সহ জনতার হাতে আটক হয়েছে।
আটককৃত রকি হোসেন সিরাজনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে জানতে পারে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান।
তাদের উপস্থিতি টের পেয়ে রকি হোসেন সহ আরও ১০ থেকে ১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় রকি হোসেনকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে তিনি আহত হন।
খবর পেয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান এর নির্দেশনায় এস আই মহাসিন আলী, এস আই লিংকন সরকার ও কনস্টেবল আজম আলী ঘটনা স্থানে উপস্থিত হয়ে রাত অনুমানিক ১০ টার পরে রকিকে উদ্ধার করেন।বর্তমানে আহত অবস্থায় রকি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলে, আটককৃত রকিকে উদ্ধার করেছে পুলিশ। এবং দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।