
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়ায় বেওয়ারিশ কুকুরের হামলায় এক ক্ষুদ্র পোল্ট্রি খামারির খামারের সব মুরগি মারা গেছে। এতে খামারির ব্যাপক আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত খামারি আজিজুর রহমান লাল্টু ওই গ্রামের মোহাম্মদ শাহজান আলীর ছেলে।
ভুক্তভোগী আজিজুর রহমান লাল্টু জানান, রাতের কোনো একসময় ৮ থেকে ১০টি বেওয়ারিশ কুকুর তার পোল্ট্রি খামারে ঢুকে একে একে খামারের সব মুরগি মেরে ফেলে। সকালে খামারে গিয়ে তিনি মুরগিগুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এতে তার কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যায়।
তিনি বলেন, ক্ষুদ্র ঋণ ও নিজস্ব সঞ্চয় দিয়ে খামারটি গড়ে তুলেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝে উঠতে পারছি না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে । শুধু গৃহপালিত প্রাণী নয়, পথচারী ও শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত চাষী আজিজুর রহমান লালটু বলেন, তিনি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার অপরাধে জেল খেটে বাড়িতে ফিরে ৬ মাস ধরে ছোট পরিসরে মুরগি চাষ শুরু করেছেন। গতরাতে ৮/২০ টি কুকুর তার ফার্মের নেট কেটে ভিতরে প্রবেশ করে এবং ৫০০ মুরগি মেরে ফেলে। এ ঘটনায় তিনি পথে বসেছেন বলেও জানান।