
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক ডিলারকে ছুরিকাঘাত করে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে কুন্দিপুর মাদরাসা মোড়ে। পরে স্থানীয়রা এক যুবককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। আহত ডিলার আশরাফুল কুন্দিপুর গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আশরাফুল জানান, তিনি সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ঝিকরগাছার ডিলার।
করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আহাদ বিভিন্ন দোকানে মাল দেওয়ার পর টাকা তুললেও তা জমা দেননি। এর বাইরেও তার কাছে আরও টাকা পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আহাদ কাজে আসা বন্ধ করে দেন। পরে আশরাফুল ফোনে তাকে আসতে বললে আহাদ জানান, তিনি আর কাজ করবেন না। বকেয়া টাকা ও হিসাব চাইলে তিনি বলেন—“সেটা পরে দেখা যাবে।” এ নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে বাক-বিতণ্ডা হয়।
রাতে আশরাফুল ব্যবসার টাকা সংগ্রহ করে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে আহাদ, স্থানীয় ফুচকা বিক্রেতা রাকিব এবং জুয়েল তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন। পরে তার কাছে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুলের চিৎকারে তারা ঘটনাস্থলে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখেন। এসময় ফুচকা বিক্রেতা রাকিবকে হাতে-নাতে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আশরাফুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বলেন, আশরাফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসা চলছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে।
রিপোর্ট হাতে এলে আরও বিস্তারিত বলা যাবে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, আহাদকে হেফাজতে রাখা হয়েছে। রাতে আহত পক্ষ থেকে বলা হয়েছিল মামলা করবে। কিন্তু সকালে জানানো হয়েছে তারা মামলা করতে চাইছেন না। এমনকি ছিনতাইয়ের ঘটনাও হয়নি বলে দাবি করছেন। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।