
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছার গদখালীতে চাঁদাবাজি ও মারপিটের শিকার হয়েছেন হাসান রেজা (৪০) নামে এক ব্যক্তি। সে গদখালী নবীবনগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র।
এ ঘটনাকে কেন্দ্র করে গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের আঃ আজিজের ছেলে রানা (১৮), শহিদুল ইসলামের ছেলে আজিম হোসেন (২৫), আমজেদ হোসেনের ছেলে শাওন (২৬), আঃ মুজিদের ছেলে বিপ্লব (২৮) এর বিরুদ্ধে ঝিকরগাছাথানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে হাসান রাজাউল্লেখ করেছেন গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গদখালী পটুয়াপাড়া তিন রাস্তার মোড়ে ওবায়দুলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সে সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি করলে তারা তাকে এলোপাতাড়ি লাথি, ঘুষি, চড় এবং কাঠের লাঠি দিয়ে মারপিট করে। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
অভিযোগে হাসান রেজা আরও উল্লেখ করেন, অভিযুক্তরা নিয়মিতভাবে গদখালী ও পানিসারা ফুলমোড় এলাকায় দর্শনার্থীদের ইভটিজিং,ও তাদের নিকট থেকে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে ।
তিনি আরো জানান, গত ৩ এপ্রিল পানিসারা মোড়ের মারামারির ঘটনাতেও তারা জড়িত ছিল। কিছুদিন আগে তারা গদখালী বাজারে আবেদীনের ছেলে জুয়েল (২২) কে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। অভিযুক্তরা প্রায়ই সংঘবদ্ধ ভাবে পানিসারা ফুলমোড়ে দেশীয় অস্ত্র, দা, কুড়াল ও হকিস্টিক প্রদর্শন করে সাধারণ মানুষ এবং সেখানে আগত পর্যটকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে চলেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনর্চাজ মো. বাবলুর রহমান খান জানান, হাসান রেজা লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।