
ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে। ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ই জুলাই)শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ এ সচেতনতামূলক সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ওলিয়ার রহমান। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “জন্ম ও মৃত্যুনিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব। এটি শুধু সরকারের পরিসংখ্যান বা ডাটাবেইসের জন্য নয়, বরং নাগরিকের পরিচিতি, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও পাসপোর্ট সংক্রান্ত, সম্পত্তি ও উত্তরাধিকারসহ নানাবিধ আইনি ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন না করলে সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে। আইসিটি অফিসার অহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরোও বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ। আলোচনায় অংশগ্রহণকারীরা নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা জোরদারকরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ডিজিএম আব্দুল কাদির ,যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, প্রোগ্রামার অফিসার কামরুজ্জামান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশ, আনসার,জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ । সভা শেষে অতিথিদের সম্মাননা পুরস্কার, কুইজ বিজয়ী , কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কর্মী এবং গ্রাম পুলিশদের সন্তোষজনক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিবি’র) আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।