
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
বুধবার(২৫ জুন) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও বংশীকুন্ডা কলেজ প্রাঙ্গণে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সবুজ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ জে লিমন,মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াত,যুগ্ম আহ্বায়ক মো.আবুল বাশার,মমিনুল হক বেনু,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,সদস্য সাখাওয়াত হোসেন,স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুজ্জামান কামরুল বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসকই নন, তিনি মানবিকতা,সেবাবোধ ও দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। তাঁর জীবনাদর্শ থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ব্রত নিয়েছি।”
তিনি আরও বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি দিনের ইভেন্ট নয়, বরং এটি একটি চলমান সামাজিক আন্দোলন, যা আগামী দিনে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”
এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও তারা এ রকম উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকবেন।
