
বাংলাদেশের অনেক স্থানেই সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থার বেহাল চিত্র
স্টাফ রিপোর্টার- রাজধানী ঢাকা থেকে শুরু করে কুষ্টিয়াসহ দেশের একাধিক জেলায় ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা ভয়াবহ আকার নিয়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে পানিতে, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ঢাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে মিরপুর, রামপুরা, মালিবাগসহ বহু এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। যানজট, দুর্ঘটনা ও জনজীবন স্থবির হয়ে পড়ে। একই অবস্থা কুষ্টিয়া শহরেও দেখা যাচ্ছে। শহরের বড়বাজার, মজমপুর গেট ও মিলপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ও ঘরে পানি ঢুকে পড়ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নালা-ড্রেন পরিষ্কার না করায় পানিনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ অন্যান্য নগরীতেও একই চিত্র দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল-নদী ভরাট ও জনগণের অসচেতনতার কারণে পানি নিষ্কাশন কার্যক্রম ভেঙে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলাবদ্ধতার কারণে ডেঙ্গু ও ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন, খাল-নদী পুনরুদ্ধার, আধুনিক ড্রেন নির্মাণ ও জনগণকে সচেতন করার উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।