
ঝিকরগাছা জাগরণী সংসদের উদ্যোগে অসুস্থ সূর্যের চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- ঝিকরগাছা জাগরণী সংসদের উদ্যোগে অসুস্থ শিশু তৌফিক সূর্যের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তার পিতা তারিক মোহাম্মদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে ঝিকরগাছা জাগরণী সংসদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ জাগরণী সংসদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, মানবিক কাজই জাগরণী সংসদের মূল লক্ষ্য। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় থাকতে বদ্ধপরিকর। অসুস্থ সূর্যের চিকিৎসার জন্য এই সাহায্য সেই সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জাগরণী সংসদকে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সংগঠনের সাধারণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কর কমিশনার (অঞ্চল-৩) মঞ্জুর আলম নিশান। তাঁর নেতৃত্ব, দিকনির্দেশনা এবং আর্থিক-সামাজিক সহায়তার কারণেই আজ জাগরণী সংসদ সমাজসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, “নিশান ভাই সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর মেধা, প্রজ্ঞা ও আন্তরিক সহযোগিতা ছাড়া জাগরণী সংসদকে আজকের অবস্থানে নিয়ে আসা সম্ভব হতো না।” সংগঠনের নেতারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জাগরণী সংসদ রক্তদান কর্মসূচি, দুস্থদের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে সূর্যের পিতা তারিক মোহাম্মদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার সন্তানের চিকিৎসার জন্য এই সহায়তা আমাদের জন্য অমূল্য। জাগরণী সংসদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের এই মানবিক উদ্যোগ আমাদের পরিবার কখনো ভুলবে না। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক ফয়সাল মুকুট, মনিরুল ইসলাম মানিক, জাহিদ নেওয়াজ ডিটো, হাসান মোহাম্মদ জাহিদী, মুনিরুল আলম মিশর, সৈয়দ রাসেল, তন্ময় বিশ্বাস, হুমায়ুন কবির, আজম মোহাম্মদ ড্যানি, মইদুল ইসলাম বাদল, রাশিদুল ইসলাম হিরু, অমিত কুমার নয়ন, রাশেদ আহমেদ, সৈয়দ মঈন আহমেদ, জাকির সোহেল, আবির, সৈয়দ রেদওয়ানুল কবির, গোলাম মোস্তফা সুমন, শাহবাজ, ফারহাদ, গোলাম মোস্তফা পিরআলী, সেতু ইসলাম, ইলিয়াস মাহমুদ, ফাইম প্রমুখ।