
ফাহিম শাহরিয়ার রুমি: কিউ এম জামান বাংলাদেশের চলচ্চিত্রের একজন অগ্রদূত চিত্রগ্রাহক, পরিচালক ও প্রযোজক ছিলেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৩৩ সালে চাঁদপুরের হাজীগঞ্জের সাহেব বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৫৮ সালে তিনি এফডিসির প্রথম প্রধান চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক বাংলা চলচ্চিত্র “মুখ ও মুখোশ”-এর চিত্রগ্রাহক ছিলেন। তাঁর আগে তিনি কলকাতায় কিরণ দে ছদ্মনামে চলচ্চিত্রে সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন৷
তিনি জীবদ্দশায় প্রায় ৩২টি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন। তাঁর চিত্রগ্রহণে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: আকাশ আর মাটি, আসিয়া, মাটির পাহাড়, এদেশ তোমার আমার, রাজধানীর বুকে, কখনো আসেনি, সোনার কাজল, চান্দা, তালাশ, নতুন সুর, হারানো দিন, মালা, জোয়ার এলো, সুতরাং, দুই দিগন্ত, সপ্তডিঙ্গা, পরশমনি ও অরুণোদয়ের অগ্নিসাক্ষী প্রভৃতি।
ভানুমতি ও ছদ্মবেশী নামে তিনি দুটি ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পঞ্চাশ ও ষাটের দশকের প্রখ্যাত অভিনেত্রী সুলতানা জামানের স্বামী৷ সুলতানা জামানের অভিনয় জীবনের পিছনেও তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ৷
১৯৯৯ সালের ১৪ জুন তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রের এই নেপথ্য কারিগরের প্রতি গভীর শ্রদ্ধা।