
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৭ এপ্রিল সকালে আগমনকে কেন্দ্র করে ঝিকরগাছায় যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্থানীয় ডায়মন্ড প্লাজায় এ সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন ।
প্রধান অতিথি তার বক্তব্যে ঝিকরগাছা বিএনপির অভ্যন্তরে বিদ্যমান গ্রুপিং নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, দলের ভেতরের বিভক্তির কারণেই যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, বিএনপি নেতা খোরশেদ আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন।
বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সফল সমাবেশ আয়োজনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে আগত কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা গোলাম কাদের বাবলু।