
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যশোরের ঝিকরগাছা উপজেলার ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ২ হাজার ২৮২ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৫৫ জন অনুপস্থিত থাকে। অনুপস্থিতদের মধ্যে ১২ জন ছাত্র ও ৪৩ জন ছাত্রী।
ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৭৬ জন। এর মধ্যে ৫৭৪ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত। ভোকেশনাল শাখায় ১২৩ জনের মধ্যে ১২০ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ৩ জন।
অন্যদিকে, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের প্রতিনিধি নিয়ামত এলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, “শিক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতেই ফলাফল অর্জন করবে। কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোস্তাফিজুর রহমান আজাদ জানিয়েছেন , উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই তদারকি করা হয়েছে।