
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি – পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও যশোরের ঝিকরগাছা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থ বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় জরুরি এই স্বাস্থ্যসেবা চালু রাখা হয়।
গদখালী ও গঙ্গানন্দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ঝিকরগাছা , যশোর-এ এই জরুরি সেবা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. শিহাবুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
গদখালী ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শকা সোনিয়া পারভীন জানান, ঈদের ছুটির সময়েও স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগে সেবাকেন্দ্র খোলা রাখা হয়, যাতে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত থাকে । এ সময়ে ০৬ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং ০৪ জন মাকে প্রসব-পরবর্তী সেবা প্রদান করা হয়।
এছাড়া, ৫০ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কৈশোরকালীন স্বাস্থ্যসেবার আওতায় ১০ জন কিশোর-কিশোরী সেবা পায়। পরিবার পরিকল্পনা কার্যক্রমের অংশ হিসেবে ০৩ জন দম্পতিকে আইইউডি, ০৫ জনকে ইনজেকশন, ১২ জনকে খাবার বড়ি সরবরাহ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ছুটির সময়েও জরুরি সেবা অব্যাহত রাখার এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য কল্যাণকর হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।