
আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে।।শিশুদের পুষ্টির মান বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬। এই কর্মসূচি ঝিকরগাছা উপজেলায় শতভাগ সফল করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি প্রস্তুতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
সভায় চিকিৎসকেরা জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত জরুরি। এটি কেবল অন্ধত্বই দূর করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুমৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। ঝিকরগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে যেন কোনো শিশু এই সেবা থেকে বাদ না পড়ে, তার জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং কেন্দ্র প্রস্তুত করার কাজও ইতিমধ্যে শেষ পর্যায়ে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভিটামিন ‘এ’ অন্যতম প্রধান নিয়ামক। এই কর্মসূচি সফল করতে শুধু স্বাস্থ্য বিভাগ নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন।
সভায় আরও অংশ নেন ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ডা. আলিমুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো : ইসমাইল হোসেন সোহাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আঁখি খাতুন সহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নির্দেশনায় ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই বৃহৎ কর্মসূচির মাঠপর্যায়ে তদারকি জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।