
আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: সিঙ্গাপুরে মোটা অংকের টাকার বেতনের প্রলোভন দেখিয়ে অন্তত ১০/১৫জন ব্যক্তির কাছ থেকে প্রতারণমূলক হাতিয়ে নেয়া হয়েছে ৩৫লাখ টাকা।প্রতারণার শিকার পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকা ফেরত ও ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত আব্দুল করিমসহ অনেকে।
(৩০জুন )মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কুলিয়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল করিম (৬২)সহ একাধিক ব্যক্তি ঝিকরগাছা প্রেসক্লাবে আসেন। বিদেশে পাঠানোর নামে তাকে সহ একাধিক ব্যক্তির কাছ থেকে সিঙ্গাপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ঝিকরগাছার চিহ্নিত ও আলোচিত আদম বেপারী উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর (স্কুলপাড়া) গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৫)’র বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।
তিনি দাবি করেন, নানা ছলচাতুরি ও প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রতিকার দাবি করে গত২১/০৬/২৬ ইং তারিখে প্রতারক আনোয়ার হোসেনকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং সিআর-৪৫৯/২৬।মামলায় বাদি নিজসহ ৫জনকে সাক্ষী করা হয়েছে। মামলার এজাহারে বাদী সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, বিদেশে (সিঙ্গাপুর) চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে আসামি তার কাছ থেকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি পাসপোর্ট গ্রহণ করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিদেশে পাঠানোর ব্যবস্থা না করে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আসামি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ২ জুন সকালে আসামির বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে বাদী আদালতের আশ্রয় নেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় মামলাটি গ্রহণ করেছেন।
এদিকে প্রতারক আদম বেপারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও প্রতারণার বিস্তর অভিযোগ উঠেছিল। ঝিকরগাছা পৌরসদর কৃষ্ণনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শামসুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ছেলেকে সিঙ্গাপুরে চাকরির কথা বলে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক আনোয়ার হোসেন। তার আগে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মুদি ব্যবসায়ী কবিরুল ইসলামসহ অন্তত ১০ব্যক্তিকে সিঙ্গাপুরে পাঠানোর নামে তাদের প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে। অতঃপর তাদের সবাইকে ঢাকায় নিয়ে পাসপোর্ট প্রস্তুত,ভুয়া ইন্টারভিউ,জাল ভিসা দিয়ে নানা ধরনের ছলচাতুরি ও টালবাহানা করতে থাকে। জালজালিয়াতির ঘটনা ধরা পড়ায় গা ঢাকা দেন প্রতারক আদম বেপারী আনোয়ার হোসেন। এ ব্যাপারে কবিরুল ইসলাম শার্শা থানায় আনোয়ার হোসেনকে বিবাদী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে এসব প্রতারণার বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা সম্ভব হয়নি।বাদীর দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।