
মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার ডিগ্রীরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযান চলাকালে এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদক প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, বিজিবির এমন অভিযানে এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।