
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। ২৪ জুন( বুধবার)দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের মৃত মোড়ালি ঘোষের ছেলে বিষ্ণু ঘোষ (৫০) এবং তার স্ত্রী ববিতা (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালহাটি গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে একই গ্রামের লতা (৪৫) ও আশানুর (২৫) নামে দুই ব্যক্তি তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় বাঁশ দিয়ে আঘাত করে তাদের আহত করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, তারা সনাতন সম্প্রদায়ের হওয়ায় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ওই দাবি পূরণ না করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন।
ঘটনার পর পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।