
অপু রায়হান
আজও শহরের পথে
ক্ষুধার্ত মানুষের মিছিল নামে,
কারও হাতে বাজারের থলে নেই,
কারও চোখে ঘুম নেই
বুকের ভেতর জেগে থাকে
এক মুঠো ভাতের দাবি।
দালানের জানালায় আলো জ্বলে,
নিচে ফুটপাতে রাত নামে;
একজন হিসাব করে লাভ,
আরেকজন ভাবে…
আজ রাতে শিশুটার মুখে
কী তুলে দেবে মা।
বাজারে সবকিছুর দাম বাড়ে,
মানুষের মজুরি বাড়ে না;
ঘাম ঝরে মাঠের বুকে,
ফসল ওঠে গোলায়,
তবু কৃষকের ঘরে
চুলা জ্বলে দেরিতে।
যে ছেলে বই নিয়ে পথে নামে,
তার চোখে স্বপ্ন থাকে…
সে চায় না প্রাসাদ,
চায় না রাজমুকুট,
চায় এমন এক সকাল
যেখানে মানুষ মানুষকে ঠকাবে না।
এই পৃথিবী কারও একার নয়,
এ কথা মনে রেখো…
যে রুটি তুমি একা খাও,
তার অর্ধেক ক্ষুধার্তের;
যে আলো তুমি ঘরে রাখো,
তার কিছুটা পথের মানুষেরও।
তাই আজ যদি দাঁড়াতে হয়,
দাঁড়াও মানুষের পাশে;
আজ যদি কথা বলতে হয়,
কথা বলো সত্যের ভাষায়।
একদিন এই শহরের ধুলো মুছে
নতুন ভোর আসবেই…
যেদিন শিশুর কান্না নয়,
শুনবে মানুষের হাসি;
আর পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় হবে…
মানুষ।