
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় ধরলা নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন শেখ রঞ্জু, জামিল আহমেদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সারডোব এলাকার নদীতীর দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটে অনেক পরিবারের। তাদের প্রত্যাশা, জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়িত হলে নদীভাঙন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষা পাবে।