
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১মে রবিবার বিকাল ৪টায় আবু সাঈদ ফাউন্ডেশনের আয়োজনে ঝিকরগাছা প্রেসক্লাব অডিটোরিয়ামে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমের সুযোগ্য পুত্র অ্যাডভোকেট হাবিব কায়ছার’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আল মাহা ইন্টারন্যাশনাল একাডেমী যশোর চেয়ারম্যান মাহদী হাসান এর সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২,(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্ববরেণ্য প্রথিতযশা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি। তিনি সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ মোঃ শাহাদাত হোসাইন এঁর বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবনে সততা, কর্মনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাইকে নিয়ে চৌগাছা-ঝিকরগাছার জনমানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি সংসদীয় নারী আসনের সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, এলাকাবাসীর উন্নয়নে সবাইকে একযোগে ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশীদ।
এসময় মুহাদ্দিস আবু সাঈদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,মরহুমের ছেলে জাহিদ হাসান, ছোটভাই অধ্যক্ষ তোফায়েল হোসেন,নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ,শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিছার আলী, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, হাফেজ সাইফুল্লাহ বিন কুরবান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ’র আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী দীর্ঘদিনের সহপাঠী, সহকর্মী সহ ঝিকরগাছা,শার্শা ও চৌগাছা উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন ২০২০ সালের ৩০মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন।