
মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগরে বেকু(এক্সেভেটর) দিয়ে সরকারি ভূমি হতে মাটি কেটে অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের শ্মশানের পূর্বপাশ এলাকায় এ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা । দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার দুবাউরা উপজেলার আব্দুল হাদীর ছেলে ইমামুল(২৪),একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মামুন(২৪),টাংগাইলের ভুয়াপুরের আব্দুল হাকিমের ছেলে মাহমুদ আলী (২২),কলমাকান্দা উপজেলার গুজাগুলিয়া গ্রামের সাইদুল মিয়ার ছেলে শান্ত মিয়া(২১) ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়,সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ৪ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তগণ তৎক্ষণাৎ অর্থদণ্ড পরিশোধ করলে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি বেকু ও তিনটি লরি জব্দ করা হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন,সরকারি জমি হতে মাটি নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু ও তিনটি লরি জব্দ করা হয়েছে।এসময় কাজের সাথে সংশ্লিষ্ট চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।