
সত্যের দর্পন ডেস্ক: দেশে চলমান পেট্রল সংকট মোকাবেলায় মোটরসাইকেলের জন্য রেশনিং পদ্ধতি চালুর একটি প্রস্তাব সামনে এসেছে। সাধারণ জনগণের পক্ষ থেকে দেওয়া এ প্রস্তাবে বলা হয়েছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট অনুযায়ী নির্দিষ্ট তালিকা তৈরি করে পেট্রল সরবরাহে শৃঙ্খলা আনা যেতে পারে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলকে প্রতিদিন সর্বোচ্চ ৩ লিটার পেট্রল বরাদ্দ দেওয়া হবে। যেদিন পেট্রল দেওয়া হবে, সেই দিনের তারিখ ও বার উল্লেখ করে তা সংরক্ষণ করতে হবে। এরপর একই মোটরসাইকেলকে ৫ দিন পরপর আবার ৩ লিটার করে পেট্রল দেওয়ার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
এ বিষয়ে প্রস্তাবদাতা মোঃ নাজমুল আজুম জানান, এ পদ্ধতি চালু হলে পেট্রলের অপচয় ও মজুদদারি কমবে এবং সবার মধ্যে ন্যায্য বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে আনতেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের বিবেচনার জন্য উত্থাপন করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আনতে সবার কাছে ব্যাপক প্রচারের আহ্বান জানানো হয়েছে।