
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
গত ৩১ জুলাই (সোমবার)সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সাবেক বিএনপি নেতার উপস্থাপনা,সিনিয়র নেতৃবৃন্দের অবমূল্যায়ন ও নানান অসংগতি নিয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি ঐ দিন বিকেলের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে আওয়ামী লীগের কয়েকজন সহ সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃবৃন্দের সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাইপূর্বক মিডিয়া কর্মীরা সংবাদ প্রকাশ করে।
প্রকাশিত সংবাদকে উদ্দেশ্য প্রণোদিত ও সংবাদে বিবৃতি প্রদানকারী দায়িত্বশীল নেতাদেরকে কুচক্রী মহল হিসেবে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের যৌথ স্বাক্ষরে এ প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই সংবাদে বিবৃতি প্রদানকারী নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা’র মধ্যনগর উপজেলা প্রতিনিধি আতিক ফারুকী বলেন, অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদে প্রকৃত সত্য বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত বা উপজেলা আওয়ামী লীগকে হেয় করার উদ্দেশ্যে করা হয়নি। যাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। ফলে এটি একটি বিভ্রান্তিকর প্রেস বিজ্ঞপ্তি বলে মনে হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সজল কান্তি সরকার বলেন, বিএনপিকে বিএনপি বলা, জামায়াতকে জামায়েত বলা, সত্যকে সত্য বলা উচিত। দলে যাকে সদস্য করা হয়েছে আমরা তা সাংগঠনিক নিয়মে জানি না। যারা অসাংগঠনিক কাজ করে তারাই মূলত কুচক্রী।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রথমে রাসেল আহম্মেদকে সদস্য করার ব্যাপারে কিছু জানেন না বলে জানালেও পরে আবার বলেন, জেলা কমিটির সভাপতি, সেক্রেটারির সাথে কথা বলেই সম্ভবত সদস্য হয়েছে। উপজেলা সেক্রেটারির কাছে নাকি যাবতীয় কাগজপত্র আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, রাসেল সম্পর্কে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে তার বিষয়ে আলাদা সংবাদ সম্মেলন করব। যাতে উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য সাময়িক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রাসেলকে জেলা কমিটি সদস্য করেছে। এর ডকুমেন্ট আমরা সরবরাহ করবো।