
ঝিকরগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুজ্জামান ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে নড়াইল জেলায় ১৮০ পিস ফেন্সিডিলসহ আটক হয়েছিলেন তিনি। ওই মামলায় বিজ্ঞআদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে জামিনে বেরিয়ে আসার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আসামীকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করি এবং শ্বশুরবাড়ি থেকে আটক করি। পালানোর চেষ্টা করলেও তাকে ধরা সম্ভব হয়েছে।”
এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।”